বিনোদন ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১২:০১ পিএম
ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি আলোচনায় টলিউড তারকা দম্পতি কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ। এবার জড়ালেন বিতর্কে। কাঞ্চনের বিরুদ্ধে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের আউটডোরে থাকা সিনিয়র চিকিৎসকের সঙ্গে দুর্বব্যহার করার অভিযোগ উঠেছে কাঞ্চন মল্লিকের নামে। দায়িত্বরত ওই চিকিৎসককে নাকি বদলির ভয়ও দেখিয়েছেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক।

শ্রীময়ীর দাদিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন কাঞ্চন। সেখানেই চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়ান অভিনেতা। এরইমধ্যে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা অভিযোগ এনেছেন কাঞ্চন-শ্রীময়ীর নামে।
তবে এর প্রতিবাদে সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন শ্রীময়ী। আত্মপক্ষ সমর্থন করে দাবি করেন, টিকিট কেটে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি ও কাঞ্চন তাদের ঠাকুমাকে নিয়ে। কিন্তু সেই সিনিয়র ডাক্তারই খারাপ ব্যবহার করেন কাঞ্চন মল্লিকের সঙ্গে। চিৎকার করেন, দুর্বব্যহার করেন।

তিনি বলেন, ‘প্রথমে আমরা ট্রপিকাল বিভাগে দিদাকে দেখাই। এরপর সেখান থেকে আমাদের মেডিসিন বিভাগে পাঠানো হয়। দিদাকে প্রথমে দেখতেই চাননি মেডিসিন বিভাগের এইচওডি। তারপর যখন আমরা বলি যে আমাদের ট্রপিকাল থেকে এখানে পাঠানো হয়েছে, উনি বিরক্তি নিয়ে দেখতে থাকেন। কাঞ্চন একটু প্রেসারটা চেক করার কথা বললে, উনি ক্ষেপে যান। চিৎকার করতে থাকেন ক্রমাগত।’
এ সময় তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলে, উনি সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন?’ তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি কাঞ্চন।