Dhaka Mail Logo

বিনোদন

যৌন হেনস্তার প্রতিবাদে গর্জে উঠলেন শুভশ্রী 

বিনোদন ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম

নারী হেনস্তার বিরুদ্ধে সবসময় সোচ্চার শুভশ্রী গাঙ্গুলি। কলকাতার আর জি কর মেডিকেল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন। এবার ফের যৌন হেনস্তার বিরুদ্ধে গর্জে উঠলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি ভারতীয় অভিনেত্রী মৌনী রায়কে হেনস্তা করা হয়েছে। এক অনুষ্ঠানে বয়স্ক দুই ব্যক্তি দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে অভিনেত্রী ঘটনাটি শেয়ার করতেই প্রতিবাদে সরব শুভশ্রী।

সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘কয়েক সপ্তাহ আগে আমরা নতুন বছরের আগমন উদযাপন করেছি। আমরা ২০২৬ সালে পা রেখেছি। তাতে নতুন কিছুই হয়নি, এখনও নারীদের হেনস্তা করা হচ্ছে। ভোগ্য পণ্য হিসাবে ভাবা হচ্ছে। সমাজের ঠিক কোন স্তরে ওই নারী বসবাস করেন, তাতে কিছু যায় আসে না। এই ব্যবহার ২০২৬ সালেও চলতে থাকবে। বিরক্তি ছাড়া আর কিছুই হয় না।’ 

এরপর মৌনীকে উদ্দেশ্য করে লেখেন, ‘মৌনী তুমি যথেষ্ট শক্তিশালী নারী। তুমি দুঃসহ অভিজ্ঞতার কথা শুনে আমার রক্ত ক্ষোভে ফুটছে। তুমি সকল নারীর প্রতিনিধি হয়ে তোমার বিরুদ্ধে ঘটা অন্যায়ের প্রতিবাদে সুর চড়িয়েছ। আমার শক্তিশালী হও। ভালোবাসা।’

এর আগে দীর্ঘ এক পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে মৌনী লিখেছিলেন, ‘কার্নালে একটি অনুষ্ঠান ছিল। আমি ওই অনুষ্ঠানে উপস্থিত দুই জন চাচার বয়সী অতিথির ব্যবহার নিয়ে বিরক্ত। অনুষ্ঠান শুরুর সময় আমি মঞ্চের দিকে যখন হেঁটে যাচ্ছি, তখন ওই ভদ্রলোক এবং তার পরিবারের পুরুষ সদস্যরা আমার সঙ্গে ছবি তুলতে চান। আমার কোমরে হাত দেন। আমার এটা একেবারেই পছন্দ নয়। আমি বলি দয়া করে হাত সরান।’

অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন মৌনী। অশালীন আচরণকালীন ওই দুই প্রবীণকে থামানোর চেষ্টা করেননি তারা। দাবী মৌনী রায়ের। এরপরই গর্জে উঠলেন শুভশ্রী।