ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হামে আক্রান্ত হয়ে সেহরীশ আনায়া নোহা (৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নোহা উপজেলার দশদোনা গ্রামের বাসিন্দা তাইজুল ইসলামের মেয়ে।
রোববার (২১ জুন) পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে নোহা হামে আক্রান্ত হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নোহার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, পরিবারের অত্যন্ত আদরের সন্তান ছিল সে। মাত্র চার মাস বয়সে তার মৃত্যু এলাকাবাসীকেও মর্মাহত করেছে।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোহাকে বাঞ্ছারামপুরে ভর্তি করা হয়নি; সরাসরি ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, সোমবার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুটির বাড়ির আশপাশে কেউ অসুস্থ আছে কি না, তা খোঁজ নেওয়া হবে। প্রয়োজন হলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




