রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, অভিযুক্ত ব্যবসায়ী পলাতক

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, অভিযুক্ত ব্যবসায়ী পলাতক
অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশা।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাইয়ে একটি ছাগল মোটাতাজা করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশা গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গত বুধবার (২৪ জুন) সকালে উপজেলার রূপসদী বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চাঁন বাদশা উপজেলার কড়ইকান্দি গ্রামের মো. সাবুদ্দিনের ছেলে। ঘটনাটি অমানবিক উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিক্রির জন্য একটি ছাগল নিয়ে রূপসদী বাজারে আসেন চাঁন বাদশা। অভিযোগ রয়েছে, ছাগলটির ওজন বাড়াতে তিনি পাইপ দিয়ে জোর করে পানি খাওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি দুই পায়ের মাঝে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। এ সময় আরেক ব্যক্তি পাইপ দিয়ে ছাগলটির মুখে পানি ঢালছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে চাঁন বাদশা আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

তবে চাঁন বাদশার ভাতিজা রাদেন দাবি করেন, তার চাচা গ্রাম থেকে ছাগল কিনে বাজারে বিক্রি করেন। মালিকানা বদলের পর অনেক সময় ছাগল খাবার খেতে চায় না। তাই অসুস্থ মনে হওয়ায় তাকে পানি খাওয়ানো হয়েছিল। তবে ভিডিও ছড়িয়ে পড়ার কারণে সেদিন ছাগলটি বিক্রি করা যায়নি। বর্তমানে সেটি বাড়িতেই রয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর