টানা বৃষ্টিতে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় তিন্দু, রেমাক্রী ও নাফাখুম এলাকায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
স্থানীয় প্রশাসন জানায়, গত শনিবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সাঙ্গু নদী ও আশপাশের পাহাড়ি ছড়াগুলোতে পানির প্রবাহ বেড়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় আপাতত তিন্দু, রেমাক্রী ও নাফাখুমে পর্যটক না যাওয়ার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন বলেন, তিন্দু বড় পাথর এলাকায় স্রোতের কারণে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। তবে চালক আগেই পর্যটকদের নৌকা থেকে নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

থানচি পর্যটক গাইড সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাবি করেন, নদীর পানি বেড়ে যাওয়ায় তিন্দু, রেমাক্রী ও নাফাখুম এলাকায় প্রায় দেড় শতাধিক পর্যটক আটকে পড়েছেন। এর মধ্যে নাফাখুম এলাকাতেই প্রায় ৭০ জন রয়েছেন। পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ফিরে আসা সম্ভব হবে না।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, অতিবৃষ্টির কারণে সাঙ্গু নদী ও ছোট ছোট খালের পানি দ্রুত বেড়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। তবে পর্যটক আটকে পড়ার বিষয়ে প্রশাসনের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।
প্রতিনিধি/এসএস




