গান দিয়ে শুধু মন-ই ভরায় না অ্যাশেজ। দাঁড়ায় দুস্থদের পাশে। নিজস্ব অর্থায়নে অসহায় ক্যানসার-কিডনি রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে অসছে দীর্ঘদিন। এবার এক অন্ধজনের পাশে দাঁড়িয়েছে ব্যান্ডটি। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন ব্যান্ডের গায়ক জুনায়েদ ইভান।
নিজের ফেসবুকে ইভান লিখেছেন, ‘এবার একজন অন্ধ ছেলের জন্য কাজ করব। আমি গিয়েছি তার সাথে দেখা করতে। তাকে সুস্থ করতে চাই। গান লিখছি। কনসার্ট করব। প্রস্তুতি চলছে। সবার সহযোগিতা চাই।’
ঢাকা মেইলকে ইভান বলেন, ‘ছেলেটি বস্তিতে থাকে। কয়েক বছর আগে অসুস্থতায় তার চোখের আলো নিভে যায়। ওর বাবা রিকশা চালান। ছেলেটি এবং তার মায়ের সঙ্গে কথা হয়েছে আমার। তাদের চিকিৎসকের সঙ্গে দেখা করতে বলেছি। চিকিৎসার পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে জানতে বলেছি। এরপর আমাদের একজন প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে কথা বলবেন এবং আমরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

ইভান বলেন, ‘আগামী এক মাসের মধ্যে ছেলেটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে চাচ্ছি। শুরুতে কনসার্ট ছাড়া অর্থ সংগ্রহের চেষ্টা করব। এরপর কনসার্টের পরিকল্পনা করব।’
ইভানের ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। তাদের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ইভানের পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন, ‘ইভান ভাই, আমি আছি আপনার সাথে। যেকোনো প্রয়োজনে আমাদের ডাকবাক্স ফাউন্ডেশন থাকবে আপনার সাথে।’
ইভান বলেন, ‘পলাশ শুরু থেকেই তার ডাকবাক্স ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মানবিক উদ্যোগগুলোর সঙ্গে থাকেন। আমরাও এরকম কাজে তার উদ্যোগের সঙ্গে থাকি।’

ইভানের এই মানবিক কার্যক্রম চলছে অনেক দিন হলো। অ্যাশেজের প্রতিটি কনসার্ট থেকে আসা অর্থের কিছু অংশ ব্যয় করা হয় ক্যানসার-কিডনিসহ বিভিন্ন রোগাক্রান্ত অসহায়দের পেছনে। জানালেন গেল সপ্তাহেও এক সড়ক দুর্ঘটনায় আক্রান্তকে সহায়তা করেছেন তারা। এ পর্যন্ত শতাধিক ক্যানসার-কিডনি রোগীকে অর্থ সহায়তা দিয়েছে ব্যান্ডটি। এবারের যুদ্ধ অন্ধ ছেলেটির চোখের আলো ফিরিয়ে আনার।
আরআর




