রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বিদেশি নাগরিকদের সৌদিতে জমির মালিক হওয়ার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

বিদেশি নাগরিকদের সৌদিতে জমির মালিক হওয়ার সুযোগ

বিদেশি নাগরিকদের রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তির মালিকানাসংক্রান্ত নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে সৌদি আরব।

দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বহুমুখী করার প্রচেষ্টার অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সৌদি আরবের সম্পত্তির বাজারকে আরও উন্মুক্ত করতে এ পদক্ষেপ নেয় দেশটি। 

বুধবার (২৪ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সৌদি মন্ত্রিসভা ‘বিদেশি নাগরিকদের স্থাবর সম্পত্তির মালিকানা আইনের’ অনুমোদন করেছে। 

এতে বিদেশি নাগরিক এবং কোম্পানিগুলোর সম্পত্তি কেনার জন্য ভৌগোলিক এলাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 

গত জানুয়ারিতে কার্যকর হওয়া একটি যুগান্তকারী আইনের ধারাবাহিকতায় এই নতুন প্রবিধানগুলো আনা হয়েছে।

এর ফলে বিদেশি নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং নির্ধারিত শর্তাবলি মেনে সৌদি আরবে জায়গাজমির মালিক হতে পারবেন।

আইনে বলা হয়েছে, এখন থেকে বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানগুলো সৌদিতে আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্প সম্পত্তি কিনতে পারবে।

সৌদি আরবে কাজ করার লাইসেন্সপ্রাপ্ত বিদেশি সংস্থাগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে। 

এর মধ্যে অন্যতম হলো অফিস, কারখানা এবং গুদামের মালিকানা। সৌদি আরব ভিশন ২০৩০-এর অংশ হিসেবে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে।

এসব পদক্ষেপের মূল লক্ষ্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং রিয়েল এস্টেট খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। 

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর