শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১১:০২ এএম

শেয়ার করুন:

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩২

ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এ ঘটনায় এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। 

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গণমাধ্যমকে বলছেন, ভূমিকম্পে নিহত অন্তত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৭০০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছেন।

তিনি আরও বলেন, লা গুয়াইরা শহরে কয়েক ডজন ভবন ধসে পড়েছে এবং এটিকে তিনি একটি “প্রকৃত মর্মান্তিক ঘটনা” বলে অভিহিত করেছেন।

একই সঙ্গে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও শক্তিশালী আফটারশকেরও সতর্কতাও জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। 

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ৭ দশমিক ৫।

ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। তবে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৯। খবর রয়টার্সের। 

এদিকে, জাপানের উত্তর-পূর্বে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ মোকাবিলার জন্য সরকারকে ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরিভাবে মূল্যায়ন’ করার নির্দেশ দিয়েছেন।

মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন অব্যাহত রাখব। পারমাণবিক স্থাপনাগুলো থেকেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস-এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর