শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

ফের ইরানের নেতাদের হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

ফের ইরানের নেতাদের হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আবারও ইরানের শীর্ষ নেতাদের হত্যা বা ‘নির্মূল’ করার তীব্র হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি স্পষ্ট করে বলেছেন, ভবিষ্যতে যে নেতাই ইসরায়েলকে ধ্বংস করার বা ক্ষতি করার পরিকল্পনা করবেন, তাকেও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতোই পরিণতি ভোগ করতে হবে।

সোমবার (৬ জুলাই) ইসরায়েলের টেলিভিশন চ্যানেল১৩ জানিয়েছে, তেহরানে খামেনির শোক মিছিল চলাকালীন এই বিতর্কিত মন্তব্য করেন কাটজ।

এই ইসরায়েলি মন্ত্রী আরও দাবি করেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। 

কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘উদ্ধারকারী বা ধ্বংসকারী (আয়াতুল্লাহ আলী খামেনি) নিজেই ধ্বংস হয়েছে। ভবিষ্যতে যে ইরানি নেতাই আবার ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা নিয়ে এগোবেন, তাকেও একইভাবে নির্মূল করা হবে।’

তিনি আরও বলেন, যেকোনো সময় এবং যেকোনো হুমকির মুখে নিজেদের রক্ষা করার জন্য ইসরায়েল পুরোপুরি প্রস্তুত।

এর আগে গত সপ্তাহেও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েলের ‘হত্যার তালিকায়’ রয়েছেন বলে উল্লেখ করেছিলেন কাটজ, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এর জবাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জনগণ কিংবা নেতৃত্বের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন বা হুমকি এলে তার জবাব তাৎক্ষণিক ও অত্যন্ত কঠোরভাবে দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর শর্তগুলো সবার জন্য একদম স্পষ্ট এবং সকলের দেখার জন্য উন্মুক্ত। এই চুক্তির অধীনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘তেল আবিবের পোষা প্রাণীদের’ (ইসরায়েলি নেতাদের) নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকার করেছেন। ইসরায়েলি নেতারা যদি তাদের ‘মনিব’ ট্রাম্পের নির্দেশ অমান্য করে, তবে ইরান তাদের উপযুক্ত শিক্ষা দেবে।’

সূত্র: আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর