রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মাদক মামলায় ভাগ্নের ৫ বছরের সাজার রায় শুনেই মামার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

মাদক মামলায় ভাগ্নের ৫ বছরের সাজার রায় শুনেই মামার মৃত্যু
হাসপাতালে আইয়ুব আলীর মরদেহের পাশে স্বজনরা। ছবি: সংগৃহীত

মোহাম্মদপুর থানার করা মাদক মামলায় মো. মিঠুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আদালতকক্ষে অসুস্থ হয়ে পড়েন তার মামা আইয়ুব আলী বিহারী। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১ আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্র জানায়, প্রায় ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধারের মামলায় বিচারক নজরুল ইসলাম নয় আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন। রায় শোনার জন্য আদালতে উপস্থিত ছিলেন- দণ্ডপ্রাপ্ত মিঠুনের মামা আইয়ুব আলী বিহারী, যিনি পেশায় সেলুনকর্মী ছিলেন।

রায় ঘোষণার পর আদালতকক্ষেই অসুস্থ হয়ে পড়েন আইয়ুব আলী। তাকে দ্রুত পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক এস এম রাশেদুল হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে।’

সংশ্লিষ্ট আদালতের ওমেদার শহীদুল ইসলাম বলেন, ‘রায় ঘোষণার পর মিঠুনের সঙ্গে তার মামা কথা বলছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আদালতকে জানানো হলে বিচারক তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। পরে আদালতের দুই কর্মচারী ও দুই পুলিশ সদস্য তাকে হাসপাতালে নিয়ে যান।’

আদালতের দায়িত্বে থাকা পুলিশ সদস্য আব্দুর আজিম বলেন, ‘তিনি বুক চেপে বসেছিলেন। তাকে ধরে বসানোর পরই শরীর নিস্তেজ হয়ে যায়। পরে তাকে শুইয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।’

আরেক পুলিশ সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘রায় ঘোষণার পর তাকে অস্থিরভাবে ছোটাছুটি করতে দেখা যায়। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।’

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর