প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের পথে রওনা হয়েছেন। দুই দিনেরও কম সময় মালয়েশিয়ায় সফর শেষে সোমবার (২২ জুন) দুপুরের পর তিনি ও তার সফরসঙ্গীরা বিমানে চীনের পথে রওয়ানা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী চীনের উদ্দেশে রওনা হন।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্ম মন্ত্রী জুলফিকলি হাসান। এই সময় বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান রুমন বলেন, মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে প্রধানমন্ত্রী যাত্রা শুরু করেছেন। দালিয়ানে দুই দিন কর্মব্যস্ত থাকবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।
দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে যা যা হলো
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশে আমন্ত্রণ
এর আগে রোববার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া রওনা হন। বিকেল পৌন তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সহধর্মিনী ডা. জুবাইদা রহমান আছেন। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী ২৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গেলেও চীন সফরে একজন যোগ হওয়ার কথা আগেই জানানো হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হন তারেক রহমান। এর চার মাস পর বিদেশ সফরে গেলেন তারেক রহমান।
বিইউ/জেবি




