বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিসিকের পাঁচ দিনব্যাপী বর্ষা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

বিসিকের পাঁচ দিনব্যাপী বর্ষা মেলার উদ্বোধন

দেশীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ এবং বাংলার বর্ষার ঐতিহ্য তুলে ধরতে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষা মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে এই মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শিল্পমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

বিসিক জানায়, বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাদের নান্দনিক ও মানসম্পন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

মেলায় মোট ৫৬টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে হস্তশিল্পজাত পণ্য, চামড়াজাত পণ্য, জামদানি, শতরঞ্জি, মণিপুরী শাড়ি, বিভিন্ন ধরনের বস্ত্রজাত পণ্য, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, মধু এবং বিভিন্ন খাদ্যপণ্যসহ দেশীয় ঐতিহ্যবাহী নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ৩৯৮ নম্বর বিসিক ভবনের নিচতলায় আয়োজিত এই মেলা ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানান, দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করা, তাদের পণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্রেতাদের কাছে দেশীয় পণ্যকে আরও জনপ্রিয় করে তোলাই এই মেলার মূল উদ্দেশ্য।

এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর