রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথা–কাটাকাটির ঘটনা ঘটেছে। একপর্যায়ে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিক হলো- মাহফুজুর রহমান শিশির। তিনি দৈনিক সকাল নামক অনলাইন পোর্টালের মাল্টিমিডিয়া ডিজিটাল বিভাগে কর্মরত।
আরও পড়ুন: বৃষ্টিতে চুইয়ে পড়ে পানি, সংসদ ভবনের সংস্কার চাইলেন জামায়াত এমপি
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সিনিয়র একজনকে কথা বলার জন্য বলা হয়।
এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ করেন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানালে জামায়াতের নেতাকর্মী উত্তেজিত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালান।
এ সময় দৈনিক সকাল-এর রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। হামলার ঘটনায় তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে পাঠান।
এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমাদের কর্মসূচিতে বহিরাগতরাও ঢুকে গিয়ে এমন কাজ করতে পারে।
একেএস/আরএম




