এমপিওভুক্ত লাখ লাখ শিক্ষক নিয়মিত বেতন পাচ্ছেন না বলে দাবি করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের (এনডিইএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক এখনো নিয়মিত বেতন পাচ্ছেন না। এ ছাড়া তেল-গ্যাসের দাম বেড়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এসব জ্বালানি পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, পাশাপাশি হত্যাকাণ্ডও বৃদ্ধি পেয়েছে।’
তিনি বলেন, ‘আমরা বলতে চাই দেশের মানুষ সুখে ও শান্তিতে আছে। কিন্তু বাস্তবতা সে কথা বলার সুযোগ দিচ্ছে না। ২০২৪ সালের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা দেখেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে মব সৃষ্টি করে পদ ছাড়তে বাধ্য করা হয়েছে।’
হান্নান মাসউদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশবাসী হতাশ। নতুন পে-স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হচ্ছে। কিন্তু বেসরকারি খাতের চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে কোনো উদ্যোগ নেই। অথচ দেশে বেসরকারি খাতে কর্মরত মানুষের সংখ্যাই বেশি। একই সঙ্গে বেকারত্বও দিন দিন বাড়ছে।’
তিনি বলেন, ‘আমরা চাই দেশের মানুষ মানসম্মত শিক্ষা পাক এবং নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠুক। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে, যা উচ্চশিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।’
বাজেট প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, ‘নতুন বাজেটে লুটপাট বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ রাখা হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে যে অর্থ লুটপাট হয়েছে, তা উদ্ধারে দৃশ্যমান তৎপরতাও দেখা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আমরা সেই বরাদ্দের সঠিক ব্যবহার চাই। শুধু নতুন ভবন নির্মাণ নয়, হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের সংকট দূর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্য খাতে আর কোনো ধরনের লুটপাট দেখতে চাই না।’
সরকার ব্যবসায়ীদের জন্য কর কমাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কর কমানোর পরও যদি পণ্যের দাম না কমে, তাহলে সাধারণ মানুষ এর সুফল পাবে না। নতুন বাংলাদেশে কোনো মাফিয়া চক্রের উত্থান আমরা দেখতে চাই না। সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে অবৈধ অর্থ বৈধ করার আইনি ভিত্তি তৈরি করেছে বলেও তিনি অভিযোগ করেন।
হান্নান মাসউদ বলেন, ‘আমরা একটি জবাবদিহিমূলক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। কোনোভাবেই এই সরকারকে মাফিয়াদের নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না।’
এসএইচ/এমআই




