রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মানবিক কারণে আদ্-দ্বীন হাসপাতাল খুলে দিন: সংসদে বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

মানবিক কারণে আদ-দ্বীন হাসপাতাল খুলে দিন: সংসদে বিরোধীদলীয় নেতা
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

আদ-দ্বীন হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৭৫০ জন মেডিক্যাল ও সমসংখ্যক নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে মানবিক কারণে দ্রুত হাসপাতালটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। সকালে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ডা. শফিকুর রহমান বলেন, বিকল্প কোনো ব্যবস্থা ছাড়াই আদ-দ্বীন হাসপাতাল বন্ধ রাখায় শত শত মেডিক্যাল ও নার্সিং শিক্ষার্থীর একাডেমিক জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁর ভাষ্য, শুধু বই পড়ে চিকিৎসক বা নার্স হওয়া সম্ভব নয়; এ জন্য ব্যবহারিক শিক্ষা ও রোগীর সংস্পর্শ অপরিহার্য। হাসপাতালের কোনো দুর্বলতা থাকলে তা তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে দ্রুত হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া উচিত।

তিনি দেশের স্বাস্থ্য খাতকে আরও মানবিক ও সেবাধর্মী মডেলে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, বেসরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলো যতটা কঠোর ও সক্রিয়, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ততটা দেখা যায় না। সরকারি খাতে বড় ধরনের অনিয়ম বা গাফিলতির ঘটনাতেও অনেক সময় দায়ীরা পার পেয়ে যায়। অপরাধ যেখানেই ঘটুক, সরকারকে উভয় খাতকে সমানভাবে দেখতে হবে।

আদ-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের দুর্বলতা থাকলে তার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তবে এর সঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িত, সেটিও বিবেচনায় রাখতে হবে।

এ ছাড়া বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে বিপুলসংখ্যক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা থেকে দেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, মাঝপথে হাসপাতাল বন্ধের মতো সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়তে আসার আগ্রহ কমিয়ে দিতে পারে। তাই মানবিক ও যৌক্তিক কারণে দ্রুত আদ-দ্বীন হাসপাতালটি পুনরায় চালুর আহ্বান জানান তিনি।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর